Search
Close this search box.

আপ বাংলাদেশের সব শাখা কমিটি বাতিল, কেন্দ্র পুনর্গঠনের ঘোষণা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

 

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সব শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কাঠামো পুনর্গঠন করে নতুনভাবে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, আপ বাংলাদেশের সব শাখা কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে পূর্ববর্তী কমিটিগুলো আর কার্যকর থাকবে না।

সংগঠনটি জানিয়েছে, কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করে শিগগিরই একটি ‘ন্যাশনাল ওয়ার্কিং কমিটি’ গঠন করা হবে। এই কমিটি সংগঠনের সার্বিক পরিচালনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের দায়িত্ব পালন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনের আগামী দিনের মূল কর্মসূচি হবে রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার, নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, এবং প্রশাসনিক দুর্নীতি, ঘুষ, হয়রানি ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে জনমত গঠন।

এর আগে গত রবিবার আপ বাংলাদেশ, এবি পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রায় অর্ধশত নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেন। পরবর্তীতে তাদের মধ্যে কয়েকজনকে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব দেওয়া হয়।

সংগঠনের এই পরিবর্তনের ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ