সুবিধাবঞ্চিত পরিবেশে বড় হওয়ার কারণে নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষেরা অল্প সম্পদে সেরা ফল বের করে আনতে শেখেন। ২০২৩ সালের একটি গবেষণায় দেখা গেছে, শৈশবে অভাবের অভিজ্ঞতা মানুষের মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ ও সৃজনশীল করে তোলে। তাঁরা দ্রুত বিকল্প পথ খুঁজে বের করতে পারদর্শী হন। যেখানে অঢেল সুযোগে বড় হওয়া ব্যক্তিরা সামান্য অভাবেই ভেঙে পড়তে পারেন, সেখানে এই মানুষেরা উদ্ভাবনী শক্তি দিয়ে বাধা জয় করেন।
দার্শনিক নিৎশে বলেছিলেন, ‘যা তোমাকে মেরে ফেলে না, তা তোমাকে আরও শক্তিশালী করে।’ শৈশবে প্রতিকূলতা ও প্রত্যাখ্যানের সম্মুখীন হওয়া ব্যক্তিরা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হন। গবেষণায় একে ‘স্টিলিং এফেক্টস’ (Steeling Effects) বলা হয়। এই অভ্যন্তরীণ শক্তি কেবল জীবনের কঠিন সংগ্রাম আর ব্যর্থতা থেকেই অর্জিত হয়, যা কোনো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়।
নিম্নমধ্যবিত্ত পরিবারে বড় হওয়া মানুষেরা নিজেরা আর্থিক ও সামাজিক টানাপোড়েনের মধ্য দিয়ে যান বলে অন্যের দুঃখ-দুর্দশা সহজে অনুভব করতে পারেন। গবেষণায় দেখা গেছে, যারা নিজেরা আর্থিক কষ্টের মুখোমুখি হয়েছেন, তাঁরা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি সহানুভূতিশীল এবং পরোপকারী আচরণ প্রদর্শন করেন।
মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, নিম্ন-আর্থসামাজিক পরিবার থেকে আসা ব্যক্তিরা মানুষের আবেগ এবং উদ্দেশ্য বুঝতে অন্যদের চেয়ে বেশি দক্ষ হন। সম্পদ কম থাকায় অন্যের মনোভাব বুঝে চলা তাঁদের কাছে এক ধরনের ‘সারভাইভাল স্কিল’ হিসেবে কাজ করে। এই বিশেষ গুণটি তাঁদের প্রখর ‘স্ট্রিট স্মার্টনেস’ এবং উচ্চতর ইমোশনাল ইন্টেলিজেন্স দান করে।
যাঁদের সবকিছু নিজের যোগ্যতায় অর্জন করতে হয়, কঠোর পরিশ্রম তাঁদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়। নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানদের কাছে কঠোর পরিশ্রম ছাড়া অন্য কোনো বিকল্প থাকে না। এই বাস্তবতাই তাঁদের মধ্যে একটি শক্তিশালী ‘ওয়ার্ক এথিক’ (Work Ethic) বা দৃঢ় কর্মনিষ্ঠা গড়ে তোলে, যা দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়ক হয়।








