তাসনিম জারা বলেন, দেশের শিক্ষক, ডাক্তার, নার্স, সরকারি কর্মচারী এবং কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যখন ন্যায্য দাবিতে সংগ্রাম করছে, তখন এমপিদের নিজেদের সুযোগ-সুবিধা বাড়ানোর আলোচনা জনমনে প্রশ্ন তৈরি করছে।
তিনি আরও বলেন, এমপিদের বেতন-ভাতা ও সুবিধা নিজেদের দ্বারা নির্ধারণ করা নীতিগতভাবে ভুল। কারণ এটি সরাসরি স্বার্থের সংঘাত তৈরি করে। তার মতে, কোনো সংসদ সদস্যই নিজের সুবিধা নিজে নির্ধারণ করতে পারেন না।
তাসনিম জারা উদাহরণ দিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন পেশায়—যেমন চিকিৎসক, শিক্ষক বা সরকারি কর্মকর্তা—নিজেদের বেতন বা সুবিধা নিজেরা নির্ধারণ করেন না, বরং নিরপেক্ষ কাঠামো তা ঠিক করে।
তিনি আরও প্রস্তাব দেন, এমপিদের সুযোগ-সুবিধা নির্ধারণে একটি স্বাধীন কমিটি গঠন করা উচিত। সেই কমিটিতে অর্থনীতিবিদ, প্রশাসনিক বিশেষজ্ঞ, বিচারব্যবস্থার প্রতিনিধি এবং সাধারণ নাগরিকদের অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি।
তার মতে, কিছু পুরোনো সুবিধা বর্তমান বাস্তবতায় অপ্রয়োজনীয় হয়ে গেছে, আবার কিছু ক্ষেত্রে সুবিধা বাড়ানোর প্রয়োজনও থাকতে পারে। তবে সব সিদ্ধান্তই হওয়া উচিত নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে।








