Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: কে এই অভিযুক্ত হিশাম আবুঘারবিয়েহ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি বংশোদ্ভূত দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ থাকার এক সপ্তাহ পর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন ২৬ বছর বয়সী হিশাম সালেহ আবুঘারবিয়েহ।

পুলিশ জানিয়েছে, হিশামকে পারিবারিক সহিংসতা, মারধর, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন রাখা এবং মৃতদেহ অবৈধভাবে সরানো বা গোপন করার অভিযোগে আটক করা হয়েছে। তিনি বর্তমানে জামিন ছাড়াই কারাগারে রয়েছেন।

তদন্ত সূত্রে জানা গেছে, হিশাম আবুঘারবিয়েহ অ্যাভালন হাইটস এলাকার একটি অ্যাপার্টমেন্টে জামিল লিমনের সঙ্গে থাকতেন। লিমন ওই বাসায় থাকলেও নাহিদা বৃষ্টি সেখানে থাকতেন না। তবে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে সন্দেহ তৈরি হয়।

প্রাথমিক তদন্তে আরও জানা যায়, হিশাম আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে ছিলেন। ২০২৩ সালে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও পরে সেই মামলা খারিজ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হিশাম ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। তবে বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন।

ঘটনাটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ