আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, এদিন সকালে তেহরান থেকে প্রথম দফায় কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ছেড়ে যায়। এসব ফ্লাইটের গন্তব্য ছিল ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের পবিত্র নগরী মদিনা। দীর্ঘ বিরতির পর যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
এর আগে সাম্প্রতিক সংঘাতের কারণে নিরাপত্তা বিবেচনায় ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল কার্যত স্থগিত হয়ে পড়ে। যুদ্ধবিরতির পর ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে দেশটির কর্তৃপক্ষ আকাশসীমা আংশিকভাবে পুনরায় খুলে দেওয়ার উদ্যোগ নেয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিমান চলাচল পুনরায় শুরু হওয়া শুধু পরিবহন খাতেই নয়, বরং বাণিজ্য, পর্যটন ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার পুনরুদ্ধারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধাপে ধাপে আরও রুটে ফ্লাইট চালু হলে ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই ধীরে ধীরে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর ও আকাশপথে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।








