আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দেশের এক বা দুই জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই দিনে রাজশাহী জেলায় প্রবল তাপপ্রবাহ অব্যাহত থাকবে। খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবানে তাপপ্রবাহ চলতে পারে। তাপমাত্রা দিনে প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য বাড়তে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (২৫ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
রোববার (২৬ এপ্রিল) ও সোমবার (২৭ এপ্রিল) দেশের একাধিক বিভাগে দমকা হাওয়া, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, এই সময়ে আবহাওয়ার এই পরিবর্তন মৌসুমি পরিবর্তনের প্রাথমিক প্রভাব হিসেবে দেখা যাচ্ছে।






