Search
Close this search box.

তুরস্কে নিরাপত্তা জোরদারে ন্যাটোর নতুন পদক্ষেপ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

তুরস্কের নিরাপত্তা নিশ্চিতে ন্যাটো সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুট। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তুরস্কের আকাশসীমার দিকে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

তুরস্ক সফরকালে দেশটির বৃহৎ প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান অ্যাসেলসান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুট বলেন, ন্যাটো তার সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তুরস্ক তার ব্যতিক্রম নয়। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক চারটি পৃথক ঘটনায় ইরান থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

রুটের ভাষায়, ইরান আঞ্চলিকভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে এবং তুরস্কে অবস্থান করলে সেই প্রভাব স্পষ্টভাবে অনুভব করা যায়। এ ধরনের হুমকির মোকাবিলায় ন্যাটো সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দক্ষিণ তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে নতুন একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এতে করে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা খাতের উন্নয়ন নিয়েও ইতিবাচক মন্তব্য করেন ন্যাটো প্রধান। তিনি বলেন, দেশটি সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা এক ধরনের বিপ্লবের শামিল।

সফরের অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে রুটের বৈঠক হওয়ার কথা রয়েছে। আঙ্কারায় আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ