Search
Close this search box.

রাবিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য অভিযান, কয়েকটি দোকানকে জরিমানা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকানে নিম্নমানের খাদ্য বিক্রি ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে অভিযান শুরু হয়। এতে ভোক্তা অধিদপ্তর, জাতীয় খাদ্য নিরাপত্তা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসুর প্রতিনিধিরা অংশ নেন।

অভিযান চলাকালে দোকানিদের নিরাপদ খাদ্য পরিবেশন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মূল্যতালিকা ঠিক রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। কিছু দোকানে মূল্য বেশি রাখা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখার অভিযোগ পাওয়া যায়।

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি জানান, এর আগেও একই এলাকায় অভিযান চালিয়ে দোকানিদের সতর্ক করা হয়েছিল, কিন্তু কিছু দোকান এখনও নিয়ম মানছে না।

তিনি আরও বলেন, উদ্দেশ্য জরিমানা নয়; বরং দোকানিদের সচেতন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা।

জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ফজলে এলাহী জানান, যৌথ অভিযানে দোকানগুলোর খাবার পরিবেশন প্রক্রিয়া ও স্বাস্থ্যবিধি যাচাই করা হয়েছে। অনিয়ম পাওয়ায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে নিয়ম মানার জন্য সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ