অনুষ্ঠানে রিহ্যাব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং করদাতাদের প্রতি সহনশীল আচরণ বজায় রাখা হলে দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে।
তিনি কর প্রশাসনের আধুনিকায়ন এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর জোর দেন। একই সঙ্গে রিহ্যাবের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবনার আলোকে নিবন্ধন ব্যয় কমানোর বিষয়টিও তুলে ধরেন।
আব্দুর রাজ্জাক বলেন, একটি সঠিক ও ন্যায়সংগত কর ব্যবস্থা দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য কর প্রশাসনে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
সভায় বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা দেশের বর্তমান রাজস্ব ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি, কর নীতি সহজীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের রাজস্ব আহরণ আরও গতিশীল হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।








