উপন্যাসের প্রধান চরিত্র ২৬ বছর বয়সী কাহো, যিনি পেশায় ছবি-গল্পের লেখক। তার জীবন ঘিরে রয়েছে এক রহস্যময় ও অদ্ভুত জগত, যেখান থেকে বেরিয়ে আসার পথ খোঁজাই তার মূল যাত্রা। প্রকাশকের তথ্য অনুযায়ী, এটি মুরাকামির দীর্ঘ উপন্যাসে প্রথমবারের মতো একক নারী নায়িকার কেন্দ্রীয় ভূমিকা।
উপন্যাসটির সূচনা হয়েছিল একটি ছোটগল্প হিসেবে। ‘Kaho’ নামের সেই গল্পটি দুই বছর আগে জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে এক পাঠ-আসরে প্রথম উপস্থাপন করেন মুরাকামি। সেখানে উপস্থিত ছিলেন খ্যাতিমান লেখিকা মিয়েকো কাওয়াকামি। পরে ২০২৪ সালের জুনে গল্পটি শিনচো সাময়িকীতে প্রকাশিত হয়। সেই ছোটগল্পই এখন বিস্তৃত হয়ে পূর্ণাঙ্গ উপন্যাসে রূপ নিয়েছে।
চরিত্র কাহোকে উপস্থাপন করা হয়েছে সাধারণ চেহারা ও গড়পড়তা বুদ্ধিমত্তার একজন কৌতূহলী তরুণী হিসেবে। গল্পে এক পর্যায়ে এক পুরুষের কাছ থেকে সে কঠোর মন্তব্য শোনে, যা তাকে অপমানিত না করে বরং বিভ্রান্ত ও অনুসন্ধিৎসু করে তোলে। এরপর থেকেই কাহো শুরু করে নিজের পরিচয়, বাস্তবতা এবং কথার অন্তর্নিহিত অর্থ খোঁজার যাত্রা।
সমালোচকদের মতে, এই উপন্যাসের মাধ্যমে মুরাকামি তার দীর্ঘদিনের পুরুষ-কেন্দ্রিক বর্ণনার ধারা থেকে বেরিয়ে এসে নতুন এক সাহিত্যিক দিক উন্মোচন করছেন। এখানে নারী চরিত্র শুধু রহস্যের অংশ নয়, বরং নিজেই হয়ে উঠেছে অনুসন্ধানী ও গল্পের চালিকাশক্তি।
ফলে ‘The Tale of KAHO’ ইতোমধ্যেই পাঠক ও সমালোচক মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। মুরাকামির সাহিত্যভুবনে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।








