Search
Close this search box.

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সম্প্রতি দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র সন্তান জন্মদানের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে কেউ যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে তা দেশটির ভিসানীতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, পর্যটন বা অন্য কোনো অস্থায়ী ভিসার আড়ালে এই ধরনের উদ্দেশ্য রাখা আইনসম্মত নয়। কনস্যুলার কর্মকর্তাদের কাছে যদি মনে হয় কোনো আবেদনকারীর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া, তাহলে তার ভিসা আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।

দূতাবাস আরও জানায়, ভিসা আবেদনের সময় সঠিক ও স্বচ্ছ তথ্য প্রদান বাধ্যতামূলক। ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করা বা বিভ্রান্তিকর তথ্য দিলে শুধু বর্তমান আবেদনই বাতিল হবে না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি জটিলতা বা স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে।

মার্কিন প্রশাসন বলছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং নিয়মবহির্ভূতভাবে নাগরিকত্ব লাভের প্রবণতা বন্ধ করতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তাই আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সবসময় সঠিক তথ্য প্রদান করেন এবং যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা মেনে আবেদন করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ