বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে। আবহাওয়া অধিদপ্তরও এর আগে আগামী ৯৬ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
এদিকে দেশের চারটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এর মধ্যে মনু নদী ছাড়া বাকি তিনটি নদী নেত্রকোনার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ওই অঞ্চলে ঝুঁকি বেশি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার দুর্গাপুরে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভুগাই কংস নদীর পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ছোট আকারের এসব নদীতে পানি দ্রুত বাড়ায় আশপাশের এলাকায় দ্রুত বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।







