রোববার (২৬ এপ্রিল) পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, নাশকতা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেত্রকোনা জেলা শাখার অধীন পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদকে পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনা-৫ আসনে জামায়াত এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার পরই এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








