Search
Close this search box.

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের প্রস্তাব

হাবিবা

ছবিঃ সংগৃহীত

দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দ্রুত আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি জাতীয় সংসদে জানান।

সোমবার (২৭ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সাধারণত এ ধরনের নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয় এবং সব স্তরের ভোট সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে।

মন্ত্রী আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, কেন্দ্র প্রস্তুত, কর্মকর্তাদের প্রশিক্ষণ, আবহাওয়া ও বিভিন্ন জাতীয় পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করতে হয়। এই তফসিল ঘোষণার আগে অন্তত ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনেই আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। ২০১৮ থেকে ২০২৪ মেয়াদে প্রায় ৩ হাজার ৮২৫ কোটি টাকা ব্যয়ে ইভিএম কেনার প্রকল্প বাস্তবায়িত হলেও বর্তমানে সেগুলো অব্যবহৃত অবস্থায় বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে। এ প্রকল্প নিয়ে অডিট আপত্তি ও দুর্নীতি দমন কমিশনের তদন্তও চলমান রয়েছে।

এছাড়া প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত বিভাগ দুটি হলো ফরিদপুর ও কুমিল্লা। ফরিদপুর বিভাগ গঠিত হবে ঢাকা বিভাগের পাঁচটি জেলা—ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর নিয়ে।

মন্ত্রী জানান, জনপ্রশাসন সংস্কার কমিশন ২০২৪ সালের ডিসেম্বরে এই সুপারিশ করে এবং প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ