শনিবার (২৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু আশফাক বলেন, বর্তমান সময়ে যুবসমাজ নানা ধরনের নেশার ঝুঁকিতে রয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে আরও বিস্তৃত করতে হবে। তিনি মনে করেন, প্রতিটি এলাকায় ক্রীড়াচর্চা বাড়ানো গেলে তরুণরা নেশা থেকে দূরে থাকবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ জীবন গড়ে তুলতে পারবে।
তিনি আরও বলেন, সমাজে মাদকদ্রব্যের বিস্তার উদ্বেগজনকভাবে বাড়ছে। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়া ব্যক্তিরাও কিছুদিন পর আবার এলাকায় সক্রিয় হয়ে ওঠে। এ ক্ষেত্রে আইনের ফাঁকফোকর বন্ধ করে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মন্তব্য করেন তিনি। অন্যথায়, মেধাবী তরুণদের একটি বড় অংশ ধ্বংসের পথে চলে যেতে পারে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম সভাপতিত্ব করেন। টুর্নামেন্টের বালিকা বিভাগে চকোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে নতুন বান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালক বিভাগের ফাইনালে নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বর্দ্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতে ক্রীড়াচর্চা আরও বিস্তারের সম্ভাবনাকেই ইঙ্গিত করছে।








