শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জ্বালানি খরচ বৃদ্ধি পেলেও সেটি সরাসরি এমনভাবে প্রভাব ফেলছে না যে, উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে বা রপ্তানি হ্রাস পেয়েছে। বরং বৈশ্বিক বাজারে যে মৃদু মন্দা বিরাজ করছে, সেটিই রপ্তানি কমার অন্যতম প্রধান কারণ।
তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে এবং উৎপাদিত বিদ্যুৎ শিল্পকারখানায় সরবরাহ করা হচ্ছে। ফলে শুধুমাত্র জ্বালানির দাম বৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখিয়ে বাজারে পণ্যমূল্য বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ ধরনের প্রবণতা রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী নতুন বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে শিল্প স্থাপনের ক্ষেত্রে ফুয়েল-নির্ভর বা বেশি জ্বালানি ব্যবহারকারী কারখানার পরিবর্তে কম জ্বালানি-নির্ভর প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ করা উচিত। এতে উৎপাদন ব্যয় কমবে এবং দীর্ঘমেয়াদে শিল্প খাত আরও টেকসই হবে।
এদিকে বিটিএমসির অধীনে থাকা শিল্প প্লটগুলো নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ইতোমধ্যে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একটি প্রতিষ্ঠান গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় জটিলতা রয়েছে, যা দ্রুত সমাধান করে বিনিয়োগের উপযোগী করা হবে বলে আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিটিএমসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা শিল্পায়ন ত্বরান্বিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।








