Search
Close this search box.

টাইটানিকের বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট রেকর্ড দামে বিক্রি

হাবিবা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক নিলামে টাইটানিক জাহাজ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক যাত্রীর ব্যবহৃত লাইফ জ্যাকেট রেকর্ড দামে বিক্রি হয়েছে। ১৯১২ সালের ঐতিহাসিক সেই জাহাজডুবির স্মৃতিবাহী এই নিদর্শনটি ৯ লাখ ৪ হাজার ৫০০ মার্কিন ডলারে বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকারও বেশি। নিলাম সংস্থার তথ্য অনুযায়ী, লাইফ জ্যাকেটটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় ৩ লাখ ৩৯ হাজার থেকে ৪ লাখ ৭৪ হাজার ডলারের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত তা বহু গুণ বেশি দামে বিক্রি হয়।

এই লাইফ জ্যাকেটটি ছিল টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রী লরা মেবেলের। দুর্ঘটনার সময় তিনি লাইফবোট নম্বর ১-এ করে প্রাণে বেঁচে যান। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই লাইফ জ্যাকেটে লরার পাশাপাশি আরও কয়েকজন বেঁচে ফেরা যাত্রীর স্বাক্ষর রয়েছে, যা এটিকে আরও বিরল ও সংগ্রহযোগ্য করে তুলেছে।

১৯১২ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্রথম যাত্রায় থাকা টাইটানিক আটলান্টিক মহাসাগরে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় ১,৫০০-এর বেশি মানুষ প্রাণ হারান, আর প্রায় ৭০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিচিহ্ন হিসেবে লাইফ জ্যাকেটটি আজও বিশ্বের অন্যতম মূল্যবান সামগ্রী হিসেবে বিবেচিত হচ্ছে।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ