Search
Close this search box.

বিদ্যুৎ খাতে বড় ভর্তুকি ছাড়, ২,০৬৭ কোটি টাকা বকেয়া মেটাল সরকার

হাবিবা

ছবিঃ সংগৃহীত

দেশের বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর মার্চ মাসের বকেয়া বিল পরিশোধে ২ হাজার ৬৭ কোটি ৫ লাখ টাকা ভর্তুকি ছাড়ের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

২১ এপ্রিল জারি করা এক নির্দেশনায় জানানো হয়, এই অর্থ স্বাধীন বিদ্যুৎ উৎপাদক (আইপিপি) এবং ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র (আরপিপি)-এর বিল পরিশোধে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুকূলে ছাড় করা হবে। অর্থটি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের বিদ্যুৎ ভর্তুকি খাত থেকে দেওয়া হচ্ছে।

নির্দেশনায় বলা হয়, মার্চ মাসে ৮৫টি আইপিপি ও ৯টি আরপিপির প্রকৃত ঘাটতির ভিত্তিতে এই ভর্তুকি নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতের বকেয়া পরিশোধ সম্পন্ন হয়েছে।

তবে এই ভর্তুকি ছাড়ের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছে অর্থ বিভাগ। সরকারি ক্রয় সংক্রান্ত অনুমোদন ছাড়া দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিপরীতে কোনো অর্থ এই খাত থেকে দেওয়া হবে না। একই সঙ্গে এসব প্রকল্পের দ্রুত প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন যুক্ত হওয়া দুটি বিদ্যুৎ কেন্দ্র—বিআর পাওয়ার জেন শ্রীপুর ১৬০ মেগাওয়াট এবং আরপিসিএল–নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড—এর বিষয়ে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া অনুমোদিত ছয়টি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আগের ভর্তুকির সঙ্গে নতুন ট্যারিফ অনুযায়ী প্রকৃত সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগ জানিয়েছে, এই অর্থ শুধুমাত্র নির্ধারিত আইপিপি ও আরপিপির বিল পরিশোধে ব্যবহার করা যাবে এবং সব ধরনের সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে। বিদ্যুৎ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি মাসের ঘাটতির বিস্তারিত তথ্য অর্থ বিভাগে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ