Search
Close this search box.

ইসরায়েলে ভারতীয় ‘মানাশে গোত্র’ দাবিদার ২৫০ জনকে আশ্রয়

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে বৃহস্পতিবার রাতে ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্য থেকে আসা ২৫০ জনেরও বেশি মানুষকে স্বাগত জানানো হয়েছে। তারা নিজেদের বাইবেলে উল্লেখিত ‘মানাশে গোত্রের বংশধর’ হিসেবে পরিচয় দেন। ইসরায়েল সরকারের বিশেষ অভিবাসন কর্মসূচির অংশ হিসেবে তাদের সেখানে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ফ্লাইট শেষে রাত ১০টার দিকে তারা টার্মিনাল ওয়ানে পৌঁছান। সেখানে নীল-সাদা বেলুন, লাল গালিচা এবং সংগীতের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়। অনেকেই ইসরায়েলি পতাকা নেড়ে অভ্যর্থনা জানান।

ইসরায়েল সরকার গত নভেম্বরে সিদ্ধান্ত নেয় যে মিজোরাম ও মণিপুরের এই সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে ধাপে ধাপে দেশে আনা হবে। পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে আরও প্রায় ৬ হাজার মানুষকে আনার লক্ষ্য রয়েছে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন উইংস অব ডন’।

প্রাথমিকভাবে ২০২৬ সালের মধ্যে প্রায় ১,২০০ জনকে আনার পরিকল্পনা রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহে আরও দুটি ফ্লাইট আসার কথা রয়েছে।

অভিবাসন প্রক্রিয়ায় সহায়তা করছে ‘শাভেই ইসরায়েল’ নামের একটি সংস্থা। তাদের তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশক থেকে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ বনেই মেনাশে সম্প্রদায়ের মানুষ ইসরায়েলে অভিবাসন করেছেন, এবং বর্তমানে আরও প্রায় ৭,০০০ জন ভারতে অবস্থান করছেন।

নতুন আগতদের প্রথমে উত্তর ইসরায়েলের নফ হাগালিল শহরের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হবে, যেখানে ইতোমধ্যে এই সম্প্রদায়ের অনেকেই বসবাস করছেন।

অভিবাসন মন্ত্রী ঘটনাটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন এবং এটিকে একটি বৃহৎ পুনর্বাসন কর্মসূচির শুরু হিসেবে উল্লেখ করেছেন।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ