Search
Close this search box.

সুকেশের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন: কোটি টাকার উপহারেও গলল না মন

অহনা

২০০ কোটি রুপির বহুল আলোচিত অর্থ আত্মসাৎ ও জালিয়াতি মামলায় জেলে বন্দি ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এবার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে যাচ্ছেন তাঁরই একসময়ের প্রেমিকা ও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। মামলার গতিপথ বদলে দিতে জ্যাকুলিন এই জালিয়াতি মামলায় ‘রাজসাক্ষী’ হতে রাজি হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর চাউর হয়েছে।

দিল্লির মান্ডোলি জেলে বন্দি থেকেও জ্যাকুলিনের প্রতি নিজের ভালোবাসা প্রকাশে কোনো কমতি রাখছেন না সুকেশ। প্রায় প্রতিটি বিশেষ দিনেই তিনি অভিনেত্রীকে উদ্দেশ্য করে আবেগঘন চিঠি লিখে চলেছেন।

 সর্বশেষ ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) পাঠানো খোলা চিঠিতে সুকেশ তাঁদের সম্পর্ককে রোমিও-জুলিয়েট, হির-রাঞ্জা ও লাইলি-মজনুর মতো কালজয়ী প্রেমের সঙ্গে তুলনা করেন। চিঠিতে তিনি জ্যাকুলিনকে আদর করে ‘বেবি বোম্মা’ বলে সম্বোধন করেন।

চিঠিতে সুকেশ লিখেছেন, “লোহার গরাদ আর এই ঠান্ডা দেয়াল আমাদের আলাদা করে রেখেছে। মরুভূমিতে হারিয়ে যাওয়া কোনো মানুষের মতো আমি তোমাকে প্রতি মুহূর্তে মিস করছি।”

জ্যাকুলিনের মন ফিরে পেতে সুকেশ একের পর এক আকাশচুম্বী দামি উপহারের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

আগে কোটি কোটি টাকার বাড়ি, গাড়ি ও গয়না দিলেও এবার তিনি ঘোষণা করেছেন একটি বিশেষ সারপ্রাইজ উপহারের। সেটি হলো—একটি ‘এয়ারবাস এইচ সিরিজ’ লাক্সারি হেলিকপ্টার।

জালিয়াতি মামলায় জ্যাকুলিনের নাম জড়ানোকে ‘দুর্ভাগ্যজনক’ বলে দাবি করেন সুকেশ। তাঁর মতে, পরিবারসহ জ্যাকুলিনকে দেওয়া সব উপহার তিনি নিজ ইচ্ছায় দিয়েছেন।

সুকেশের সাথে এই সম্পর্ক জ্যাকুলিনের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। কোটি টাকার প্রতারণা মামলায় নাম জড়িয়ে বলিউডে তাঁর অবস্থান এখন নড়বড়ে। থানা-পুলিশ আর আদালতের চক্করে অভিনেত্রীর জীবন ওষ্ঠাগত।

মামলার জটিলতা থেকে নিজেকে আড়াল করতে এবং সত্য সামনে আনতে তিনি এখন সুকেশের বিরুদ্ধেই সাক্ষ্য দেওয়ার পথে হাঁটছেন। তদন্তকারী সংস্থাগুলোর কাছে দেওয়া জিজ্ঞাসাবাদে জ্যাকুলিন বিলাসী উপহার পাওয়ার কথা স্বীকার করলেও, জালিয়াতির বিষয়ে তিনি জানতেন না বলেই দাবি করে আসছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ