গ্রেফতারকৃতরা হলেন সিফাত আহমেদ সজিব, সালমান, মেছবাউল আলম মাহিন এবং মহিদুজ্জামান মুন্না।
পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সিটিটিসির সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ” নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে প্রথমে ঢাকার আশুলিয়া এলাকা থেকে সিফাত আহমেদ সজিবকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযানে বগুড়া, দিনাজপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে বাকি তিনজনকে আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়, যেখানে প্রশ্নফাঁস ও প্রতারণার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে সিটিটিসি।
প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল এবং অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে কাজ করছিল।
পুলিশ আরও জানিয়েছে, এই চক্রটি শুধু প্রতারণাই নয়, বরং পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছিল।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।








