তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও অনেক সময় সাংবাদিকরা প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থাকেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের জীবনের শেষ পর্যায়ে আর্থিক অনিশ্চয়তা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, এ বাস্তবতা বিবেচনায় সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে, যাতে প্রবীণ সাংবাদিকরা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন।
মন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন নীতিমালা প্রণয়নের কাজও চলমান রয়েছে।
এ সময় তিনি সাংবাদিকতা পেশাকে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক উল্লেখ করে বলেন, মেধাবী ও অভিজ্ঞ সাংবাদিকদের টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় সহায়তা অপরিহার্য।
পরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।








