“আল্লাহর অসীম রহমতে গতকাল রাত ১১টায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছি, মোটামুটি সুস্থ। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”
তাঁর এই বার্তার পর ভক্ত এবং চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
মাসুদ পারভেজ থেকে সোহেল রানা হয়ে ওঠার নেপথ্যে রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস:
সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই অভিনেতার চলচ্চিত্র জীবনের শুরু হয়েছিল একজন প্রযোজক হিসেবে।
১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ তাঁরই প্রযোজনায় নির্মিত হয়। কালজয়ী এই সিনেমাটি পরিচালনা করেছিলেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে নিজের পরিচালিত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় উপস্থিত হন তিনি। এই সিনেমাতেই তিনি ‘সোহেল রানা’ নাম গ্রহণ করেন, যা পরবর্তীতে তাঁর আসল নামের চেয়েও বেশি জনপ্রিয় ও স্থায়ী পরিচয়ে রূপ নেয়।








