তিনি অভিযোগ করেন, বর্তমানে সম্পূর্ণ আগের কায়দায় দেশ চলছে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে পুনরায় দলীয়করণ করা হচ্ছে।
তাঁর মতে, নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি সরকার প্রতিস্থাপন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
ঐক্যমত কমিশনে দেওয়া সংস্কার প্রস্তাব এবং গণভোটের মাধ্যমে সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার তা নষ্ট করে দিচ্ছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, ‘আপ বাংলাদেশ’ এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র শীর্ষ পর্যায়ের নেতাসহ মোট ৪৭ জন আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
নবাগতদের নাম ঘোষণা করে তিনি বলেন, “কারো সাবেক পরিচয় এখানে মুখ্য নয়। আজ থেকে যারা যোগ দিয়েছেন, সবাই এনসিপির কর্মী।”
তবে চাঁদাবাজ, অপরাধী কিংবা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সাথে সরাসরি জড়িত ছিল—এমন কাউকে দলে জায়গা দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
দেশকে আর কোনো পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যেতে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি একটি প্রকৃত গণতান্ত্রিক ও সংস্কারমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাবে এবং জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার আদায়ে আপসহীন থাকবে।





