Search
Close this search box.

ভূগর্ভস্থ নয়, ভূ-উপরিস্থ পানির ওপর গুরুত্ব দিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

অহনা

বাংলাদেশে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে বাংলাদেশে নিরাপদ পানির প্রাপ্যতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা শহরের সামগ্রিক পানি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ভবিষ্যতে ভয়াবহ সংকট তৈরি হতে পারে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে তিনি নদী ও জলাধার সংরক্ষণ এবং আধুনিক পানি শোধন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির (Surface Water) সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন।

নিরাপদ পানি প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী।

 তিনি উল্লেখ করেন যে, শহরের নিম্নবিত্ত ও বস্তিবাসীরা তুলনামূলকভাবে বেশি পানির সংকটের সম্মুখীন হন। এটি কেবল উন্নয়নগত সমস্যা নয়, বরং একটি মানবিক চ্যালেঞ্জ।

 এই বৈষম্য দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মাঝে শক্তিশালী সমন্বয় প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়ালসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 সভাপতির বক্তব্যে সচিব জানান, সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক অঞ্চলে নিরাপদ পানি সরবরাহের কাজ চলছে। তিনি টেকসই পানি ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার আহ্বান জানান।

বক্তারা পানি দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন সম্ভব নয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ