বিদ্যমান আইন অনুযায়ী বর্তমানে মাঠে থাকা সেনাবাহিনীকে ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মাঠে নিয়োজিত সেনাবাহিনীর অবস্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন:
বর্তমান প্রেক্ষাপটে এবং বিদ্যমান আইন অনুযায়ী সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে। তবে পরিস্থিতি বিবেচনায় তাঁদের ধাপে ধাপে মাঠ থেকে তুলে নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি নেই। তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিবাদী আমলে জঙ্গির কথা বলে রাজনৈতিক ফায়দা লোটা হতো।” তবে সব দেশেই কিছু চরমপন্থি গ্রুপ থাকে এবং সরকার সে বিষয়ে সচেতন রয়েছে।
কোস্ট গার্ডের অগ্রযাত্রা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন:
বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয়েছিল।এই বাহিনী এখন জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ নানান গুরুত্বপূর্ণ বিষয়েও বাহিনীটি সফলভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকার কোস্ট গার্ডকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের উন্নয়নমূলক কাজের প্রসংগে জানান যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে, যা জাতীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।






