পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি এলাকায় তীব্র কালবৈশাখীর শঙ্কা রয়েছে: রংপুর, ময়মনসিংহ ও সিলেট। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকা ও দক্ষিণাঞ্চলসহ ১০টি জেলায় মাঝারি ধরনের ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে:
ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
কালবৈশাখী চলাকালীন সময়ে নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঝড়ের সময় খোলা জায়গা বা বৈদ্যুতিক খুঁটির আশেপাশে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।






