সুনীতা আহুজা সাক্ষাৎকারে সরাসরি বলেন যে, গোবিন্দ একজন আদর্শ ভাই বা সন্তান হতে পারেন, কিন্তু স্বামী হিসেবে তিনি নিজেকে সেভাবে গড়ে তুলতে পারেননি। তাঁর ভাষায়:
“ও একজন ভালো ছেলে, চমৎকার ভাই; কিন্তু স্বামী নয়। ওর পুরো জীবনটাই পরিবারের সেবা করার জন্য উৎসর্গ করা। ওর বয়স এখন ৬০ বছর, অথচ ও নিজের জন্য বাঁচেনি।”
সুনীতা জানান, তাঁর পার্টি করা, বাইরে খেতে যাওয়া বা ছুটিতে বেড়ানোর মতো সাধারণ শখগুলো গোবিন্দ কখনোই পূরণ করতে পারেননি। গোবিন্দ এতটাই আধ্যাত্মিক এবং পরিবারে নিমগ্ন যে তিনি জীবন উপভোগ করতেই জানেন না।
একজন মেগাস্টারের স্ত্রী হয়েও সুনীতার কণ্ঠে আক্ষেপ ঝরেছে গোবিন্দের জীবনদর্শন নিয়ে। তিনি বলেন:
“ওকে বলি—তুমি এত বড় সুপারস্টার, জীবনে দেখলেটা কী? আমি তো কিছুই দেখিনি। আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়।” ৪০ বছরের সম্পর্কের পর এখন আর কিছু করার নেই উল্লেখ করে সুনীতা রসিকতার ছলে বলেন, “এখন আফসোস করে কী লাভ? এখন তো আর ছেড়ে যেতে পারবেন না, তাই না? ৪০ বছর কেটে গেছে, এখন এসব ভাবাটাও অপরাধ।”








