শুক্রবার (২৪ এপ্রিল) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে হামলায় আহত ডাকসুর কয়েকজন নেতার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বুলবুল অভিযোগ করেন, একটি “ফেইক নিউজ”কে কেন্দ্র করে ঢাবির এক শিক্ষার্থী থানায় জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে দীর্ঘ সময় আটকে রাখে। পরে ছাত্রদলের কিছু কর্মী থানায় প্রবেশ করে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, হামলার সময় সাংবাদিকদের ওপরও আঘাত করা হয়, এতে একাধিক গণমাধ্যমকর্মী আহত হন—যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং বলেন, সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। যদি সরকার ব্যবস্থা না নেয়, তবে জনগণের কাছে ভুল বার্তা যাবে বলেও মন্তব্য করেন তিনি।








