বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে হঠাৎ করেই ইউনিটটি বন্ধ করতে বাধ্য হয় তারা। বর্তমানে বয়লারের ভেতরের স্টিম ঠান্ডা করার প্রক্রিয়া চলছে, এরপরই মেরামতের কাজ শুরু হবে।
এর আগে গত বুধবার রাতে কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়ার কারণে বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায়ও কেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪৮ ঘণ্টা মেরামতের পর শুক্রবার রাতে পুনরায় উৎপাদনে ফেরানো হলেও অল্প সময়ের মধ্যেই নতুন করে ত্রুটি দেখা দেয়।
প্রকৌশলীরা বলছেন, একের পর এক যান্ত্রিক সমস্যার কারণে কেন্দ্রটির স্থিতিশীল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, মেরামত ও রক্ষণাবেক্ষণ শেষ করে পুনরায় উৎপাদনে ফিরতে অন্তত ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে।
বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের অন্তত ৮টি জেলায় বিদ্যুৎ সরবরাহে চাপ তৈরি হয়েছে। ইতোমধ্যে কিছু এলাকায় লোডশেডিং শুরু হয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
জ্বালানি খাতে নির্ভরযোগ্য এই কেন্দ্রটির বারবার বন্ধ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও জ্বালানি ব্যবস্থাপনায় দুর্বলতার কারণেই এমন সংকট তৈরি হচ্ছে।








