সমাবেশের সূচনা হয় ক্বারী এনায়েত উল্লাহ সাইফির কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে অনুবাদ উপস্থাপন করেন শরীফ বায়জীদ মাহমুদ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান। উদ্বোধনী বক্তব্য দেন জুলাইযোদ্ধা কামরুল হাসান, যিনি বলেন, “কোনো ধরনের দাঁড়ি, কমা, সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে আবার সংসদ ঘেরাও করা হবে।”
সমাবেশে সভাপতিত্ব ও পরিচালনায় ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ। এতে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এ টি এম আজহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
সমাবেশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বক্তারা দাবি করেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত রায় দ্রুত বাস্তবায়ন না হলে জনগণের মধ্যে ক্ষোভ বাড়বে।








