প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় দক্ষ মানবসম্পদই হচ্ছে উন্নয়নের মূল চালিকাশক্তি। সে লক্ষ্যেই প্রশিক্ষণনির্ভর, দক্ষ এবং দায়িত্বশীল প্রশাসন গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মেধা ও দক্ষতার ভিত্তিতে জনবল গড়ে তোলা হবে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই আন্দোলন প্রমাণ করেছে—রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। জনগণের প্রত্যাশা পূরণে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের প্রস্তুত করতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।








