Search
Close this search box.

অ্যাকশন ছেড়ে এবার জম্বি কমেডিতে টাইগার শ্রফ: সাথে শানায়া কাপুর

অহনা

বলিউড অভিনেতা টাইগার শ্রফ মানেই টানটান উত্তেজনা আর দুর্ধর্ষ সব অ্যাকশন স্টান্ট। তবে এবার চিরচেনা সেই খোলস ভেঙে পর্দায় একেবারেই নতুন অবতারে হাজির হতে যাচ্ছেন তিনি। অ্যাকশন হিরো হিসেবে নিজের ইমেজ গড়ার পর এবার কমেডিনির্ভর সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এই তারকার।

বলিউডের জনপ্রিয় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা-র আসন্ন একটি জম্বি কমেডি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার শ্রফ। সিনেমাটি পরিচালনা করবেন আহমেদ খান, যিনি এর আগে টাইগারের সাথে ‘বাঘি’ ও ‘হিরোপান্তি’ সিরিজের মতো ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন।

 ২০১৩ সালে ‘গো গোয়া গন’-এর পর বলিউডে বড় মাপের কোনো জম্বি কমেডি দেখা যায়নি। টাইগারের এই নতুন প্রজেক্ট সেই দীর্ঘ খরা কাটাবে বলে আশা করা হচ্ছে।

এই সিনেমায় টাইগারের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে অভিনেত্রী শানায়া কাপুর-কে। সম্প্রতি শানায়াকে ‘তু ইয়া ম্যায়’ থ্রিলারে দেখা গেলেও টাইগারের সাথে এটিই হবে তাঁর প্রথম বড় প্রজেক্ট।

টাইগার শ্রফ বর্তমানে বেশ কয়েকটি বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন:

 জম্বি কমেডির পাশাপাশি ‘জেসি’ নামের একটি পিরিয়ড কমেডি সিনেমাও রয়েছে তাঁর হাতে।ইতিমধ্যে ‘লাগ যা গালে’ ও ‘বজ্র’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এই সিনেমাগুলোতেও টাইগারের নতুন কিছু দিক দেখতে পাবেন দর্শকরা।

টাইগারের সিনেমাটি শুরুর আগে আহমেদ খান বর্তমানে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ নিয়ে ব্যস্ত আছেন।

মে মাসের মাঝামাঝি সময়ে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালসহ বিশাল তারকা বহর নিয়ে গানের শুটিং করতে দুবাই যাবেন তিনি। ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ আগামী ২৬ জুন, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ