Search
Close this search box.

গজারিয়ায় ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, শীর্ষ সন্ত্রাসী পিয়াসের সঙ্গে সাক্ষাৎ করানোর কথা বলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।

নিহত মো. রকিব (২২) চাঁদপুর জেলার মতলব (উত্তর) উপজেলার আমিয়াপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পরিবার জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে চারজন যুবক একটি গাড়ি নিয়ে তাদের বাসায় আসে। তারা নিজেদের পরিচিত দাবি করে রকিবকে পিয়াসের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। পরে সাক্ষাৎ শেষে তাকে নিরাপদে ফিরিয়ে আনার আশ্বাসও দেয়। পরিবারের আপত্তি সত্ত্বেও তারা রকিবকে সঙ্গে নিয়ে যায়।

নিহতের মা রুমি বেগম অভিযোগ করেন, তারা ছেলেকে নিয়ে যাওয়ার সময় জানিয়েছিল দ্রুত ফিরিয়ে দেবে, কিন্তু পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সকালে তার মরদেহ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা জানান, রাতেই তারা রকিবকে খুঁজতে বের হন এবং একপর্যায়ে বালুচর এলাকায় নদীর পাড়ে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গজারিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ