গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং বহুজাতিক প্রতিষ্ঠান কাফকো-এর উৎপাদন বন্ধ হয়ে যায়।
প্রতিষ্ঠার পর থেকেই ডিএপি কারখানাটি তাদের প্রয়োজনীয় অ্যামোনিয়া এই দুই প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে আসছিল। প্রতিষ্ঠান দুটি বন্ধ হয়ে যাওয়ায় গত ৪ মার্চ থেকেই ডিএপিএফসিএলের কাঁচামাল সরবরাহ বন্ধ হয়ে যায়।
কারখানা সূত্র জানায়, কাঁচামাল সরবরাহ বন্ধ হওয়ার পরও গত এক মাসের বেশি সময় ধরে নিজস্ব মজুত দিয়ে কোনোমতে উৎপাদন চালু রাখা হয়েছিল। তবে শনিবার রাতে সেই মজুতও পুরোপুরি ফুরিয়ে যায়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট রয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানিয়েছেন, সিইউএফএল ও কাফকো পুনরায় চালু না হলে বা বিকল্প উপায়ে অ্যামোনিয়া সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত উৎপাদন শুরু করা সম্ভব নয়।
২০০৬ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে থাকা এই কারখানাটি দেশের ডিএপি সারের চাহিদার বড় একটি অংশ জোগান দেয়। একের পর এক সার কারখানা বন্ধ হতে থাকায় আগামীতে কৃষি উৎপাদনে সারের সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।








