Search
Close this search box.

সিনিয়র চিকিৎসকদের বদলি ও ওএসডি নিয়ে ক্ষোভ এনডিএফের

হাবিবা

ছবিঃ সংগৃহীত

অভিজ্ঞ ও সিনিয়র চিকিৎসকদের যত্রতত্র বদলি, ওএসডি (Offered to Serve Duty) এবং প্রশাসনিক হয়রানির কারণে দেশের স্বাস্থ্যখাতে মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াত-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসায় যুক্ত থাকা কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে সাম্প্রতিক বদলি ও ওএসডি করা হয়েছে, যা “প্রতিহিংসামূলক আচরণ” হিসেবে দেখা হচ্ছে।

এনডিএফ নেতারা বলেন, মানবিক দায়িত্ব পালনকারী চিকিৎসকদের ওপর এ ধরনের প্রশাসনিক পদক্ষেপ স্বাস্থ্যখাতে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করছে। এতে হাসপাতালগুলোর চিকিৎসা সেবা, মেডিকেল শিক্ষা ও বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনটি আরও দাবি করে, সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে দলীয়করণের প্রবণতা বাড়ছে, যা পুরো স্বাস্থ্যব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে দলীয় বিবেচনায় পদায়ন হলে চিকিৎসা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।

এনডিএফ বিশেষভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শহিদুল ইসলাম আকন এবং শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমানের সাম্প্রতিক বদলি ও ওএসডি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে—
অযৌক্তিক বদলি ও ওএসডি আদেশ প্রত্যাহার, পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে দলীয়করণ বন্ধ করে পেশাদারিত্ব প্রতিষ্ঠা করা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে চিকিৎসক মহলে আলোচনা ও সমালোচনা চলছে বলেও জানা গেছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ