পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরে শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে তিনটি বান্ডেল পড়ে থাকতে দেখেন রাহিম নামের এক যুবক।
রাহিম বান্ডেলগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে যান।পরদিন সোমবার প্রতিবেশীদের দেখালে তাঁরা নিশ্চিত করেন যে এগুলো এসএসসি পরীক্ষার খাতা।
খাতার গুরুত্ব অনুধাবন করে রাহিম কালক্ষেপণ না করে সেগুলো শিবপুর মডেল থানায় জমা দেন।
খাতাগুলো পাওয়ার পর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওসির উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়:
উদ্ধার হওয়া তিন প্যাকেটে এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের মোট ২৬৮টি খাতা ছিল। খাতাগুলো অক্ষত অবস্থায় পাওয়ায় সেগুলো পুনরায় সিলগালা করা হয়। শিবপুর মডেল থানা থেকে খাতাগুলো পরবর্তীতে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন জানান, এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে পাঠানোর সময় ডাক পিয়নের গাড়ি থেকে খাতাগুলো অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়েছিল। তবে খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল এবং তা পুনরায় জমা নেওয়া হয়েছে।
এসআই মাসুদুর রহমান খাতাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য যুবক রাহিমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।






