Search
Close this search box.

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী

হাবিবা

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না এবং অতীতেও তা করা হয়নি। তিনি বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করার পক্ষেও নয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান।

প্রধানমন্ত্রী বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়সহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানান। এ সময় বৌদ্ধ নেতারা তাকে শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতীক উপহার দেন।

তিনি বলেন, পৃথিবীতে বিভিন্ন ধর্ম রয়েছে এবং প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণ ও নৈতিকতার পথে আহ্বান করে। ধর্মগুলোর নিজস্ব বিধিবিধান থাকলেও সব ধর্মের মূল লক্ষ্য মানবকল্যাণ।

বৌদ্ধ ধর্মের শিক্ষা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মহামতি গৌতম বুদ্ধ পঞ্চশীল নীতি প্রদান করেছিলেন, যার মধ্যে রয়েছে প্রাণী হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার থেকে বিরত থাকা, মিথ্যা না বলা এবং মাদক থেকে দূরে থাকা। তিনি বলেন, প্রেম, অহিংসা ও সকল প্রাণীর প্রতি দয়া বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা।

তিনি আরও বলেন, এসব নৈতিক নির্দেশনা শুধু ধর্মীয় নয়, বরং প্রতিটি মানুষের জীবনের জন্যই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি নাগরিকরা যদি নিজ নিজ ধর্মীয় নীতিগুলো অনুসরণ করেন, তাহলে একটি মানবিক সমাজ গঠন সম্ভব হবে।

সরকারপ্রধান তারেক রহমান বলেন, সরকারের রাজনৈতিক দর্শন হলো ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। তিনি বলেন, দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশের নাগরিক এবং সবার পরিচয় একটাই—আমরা বাংলাদেশি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ