মঙ্গলবার (২৮ এপ্রিল) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি এবং অডিট নির্বাচনের প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ করতে ঝুঁকিভিত্তিক অডিট মানদণ্ড অনুসরণ করে এই নির্বাচন করা হয়েছে। ২০২৩-২৪ করবর্ষের জন্য দ্বিতীয় পর্যায়ে এই ৭২ হাজার ৩৪১টি রিটার্ন অডিটের আওতায় আনা হয়েছে।
এর আগে প্রথম পর্যায়ে গত বছরের জুলাই মাসে র্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল। ওই পদ্ধতিতে প্রতিটি সার্কেলের জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে নির্বাচন করা হয়।
এনবিআর জানিয়েছে, নতুন এই অটোমেটেড পদ্ধতিতে কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই। ফলে অডিট নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয়েছে, যা দীর্ঘদিন ধরে করদাতা ও সুশীল সমাজের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল।
সংস্থাটি আরও জানায়, স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত টিআইএন নম্বরের পূর্ণাঙ্গ তালিকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে করে করদাতারা সহজেই জানতে পারবেন তাদের রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে কি না।
এনবিআরের মতে, এই আধুনিক ও প্রযুক্তিনির্ভর অডিট নির্বাচন প্রক্রিয়া রাজস্ব আহরণ বাড়াতে সহায়ক হবে এবং সামগ্রিক কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার করবে।
কীভাবে তালিকা দেখবেন
প্রথমে এনবিআরের অফিসিয়াল ওয়েবসাইট nbr.gov.bd-এ প্রবেশ করতে হবে
সেখানে “Income Tax” বা সংশ্লিষ্ট নোটিশ সেকশনে যেতে হবে
অডিট নির্বাচিত টিআইএন তালিকার লিংকে ক্লিক করতে হবে
নিজের টিআইএন নম্বর দিয়ে তালিকায় মিলিয়ে দেখতে হবে







