Search
Close this search box.

বক্স অফিসে ঝড় তুলেছে ‘মাইকেল’: ৫ দিনেই আয় ২ হাজার কোটি টাকা

অহনা

ছবিঃ সংগৃহীত

মুক্তির পর থেকেই তীব্র আলোচনা আর সমালোচনার কেন্দ্রে রয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’। জীবনের কিছু বিতর্কিত অধ্যায় পর্দায় এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠলেও বক্স অফিসে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বরং বিশ্বজুড়ে জ্যাকসন ভক্তদের উন্মাদনায় নতুন রেকর্ড গড়ার পথে সিনেমাটি।

অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমাটি মুক্তির মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে ২১৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৬৫ কোটি টাকা) আয় করেছে।

চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে এটি ইতোমধ্যে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে। সিনেমার দিনভিত্তিক আয়ের চিত্র নিচে তুলে ধরা হলো:

  • প্রথম দিন (শুক্রবার): ৩৯.২৯ মিলিয়ন ডলার।

  • দ্বিতীয় দিন (শনিবার): ৩২.৪৬ মিলিয়ন ডলার।

  • তৃতীয় দিন (রবিবার): ২৫.৪৫ মিলিয়ন ডলার।

  • প্রথম উইকএন্ড (মোট): ৯৭.২০ মিলিয়ন ডলার।

  • চতুর্থ ও পঞ্চম দিন (সোম ও মঙ্গলবার): ১২১.৬৩ মিলিয়ন ডলার।

উল্লেখ্য যে, আয়ের একটি বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার (উত্তর আমেরিকার বাইরে) থেকে।

প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই বায়োপিকটি কারিগরি এবং অভিনয়ের দিক থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

 মাইকেল জ্যাকসনের চরিত্রে হুবহু অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন তাঁর নিজের ভাইপো জাফার জ্যাকসন

 গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়া লং, লরা হ্যারিয়ার এবং কেনড্রিক স্যাম্পসন।

সিনেমায় মাইকেল জ্যাকসনের জীবনের কিছু জটিল ও বিতর্কিত বিষয় সেন্সর বা বাদ দেওয়া হয়েছে বলে সমালোচনা করেছেন অনেক চলচ্চিত্র সমালোচক। তবে সাধারণ দর্শক এবং পপসম্রাটের ভক্তরা জাফার জ্যাকসনের অভিনয় এবং সিনেমার নির্মাণ শৈলীতে মুগ্ধ। বিশেষ করে মাইকেলের নাচের মুদ্রা এবং স্টেজের উপস্থিতি পর্দায় যেভাবে ফুটে উঠেছে, তা দর্শকদের হলে টানতে মূল ভূমিকা পালন করছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ