আয়োজক সংস্থা ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, মঞ্চের ভারী কাঠামো বসানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে ওই কর্মী গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী আন্তোনিও মার্কোস ফেরেইরা জানান, হঠাৎ একটি বিশালাকার কাঠামো ধসে পড়লে ওই ব্যক্তি তার নিচে চাপা পড়েন। উপস্থিত সহকর্মীরা দ্রুত তাকে টেনে বের করার চেষ্টা করেন।
দমকল বাহিনী জানায়, লিফটিং সিস্টেম বা ভারী বস্তু তোলার যন্ত্রের নিচে চাপা পড়ে ওই শ্রমিকের শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ঘটনাস্থলে উপস্থিত প্রাথমিক চিকিৎসা দল তাকে সহায়তা করার পর দ্রুত দমকল বাহিনীর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মিগুয়েল কৌতো মিউনিসিপ্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়োজক কর্তৃপক্ষ নিহতের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
কোপাকাবানা সৈকতের এই বার্ষিক জনসমাবেশে এবার প্রধান আকর্ষণ হিসেবে শাকিরার নাম নিশ্চিত করেছিলেন রিও ডি জেনেইরোর মেয়র।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, মঞ্চ তৈরির সরঞ্জামগুলোতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না বা নিরাপত্তার ক্ষেত্রে কোনো গাফিলতি হয়েছে কি না।
এই দুর্ঘটনার ফলে নির্ধারিত কনসার্টের সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।







