Search
Close this search box.

১৩ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস: সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অহনা

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলার জন্য ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) দুপুরের মধ্যে এসব এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এর মধ্যে তিনটি অঞ্চলে ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি এলাকায় তীব্র কালবৈশাখীর শঙ্কা রয়েছে: রংপুর, ময়মনসিংহ ও সিলেট। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা ও দক্ষিণাঞ্চলসহ ১০টি জেলায় মাঝারি ধরনের ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে:

 ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

কালবৈশাখী চলাকালীন সময়ে নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঝড়ের সময় খোলা জায়গা বা বৈদ্যুতিক খুঁটির আশেপাশে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ