শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাবেক সভাপতি এম এ মালেক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার সময় শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক নির্মাণের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ তার সময় পুনরায় চালু হয় বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শিশু-কিশোর উন্নয়ন ভাবনা বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবেন। নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। এছাড়াও কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








