সোমবার (২৭ এপ্রিল) রাত ১টা ৪৭ মিনিটে দেওয়া স্ট্যাটাসে মিল্লাদ হোসেন লেখেন, তার এক পরিচিত ছোট ভাই তাকে বলেন—জুলাইয়ে এত গুরুতর আহত হলে তিনি হয়তো “মহানায়ক” হিসেবে পরিচিত হতেন। এ প্রসঙ্গে তিনি বলেন, কথাটি শুনে তিনি মুচকি হেসে বিষয়টি এড়িয়ে গেলেও ভেতরে ভেতরে ভাবেন, যেই দলে তিনি কাজ করেন, সেই দলই তার খোঁজখবর নেয় না।
তিনি আরও দাবি করেন, ঢাকা শহরে ছাত্রদলের যতজন গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম হলেও যথাযথ সহায়তা বা খোঁজখবর পাচ্ছেন না।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও তিনি কোনো সুযোগ পাননি। এমনকি একাধিকবার চেষ্টা করেও তিনি প্রত্যাশিত সাড়া পাননি বলে অভিযোগ করেন।
নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি লেখেন, গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এখনো সম্পূর্ণ সুস্থ নন এবং রাতে ঘুমাতে সমস্যায় ভুগছেন। তিনি বলেন, “আমার এখন মহানায়ক হওয়া দরকার নেই, আমি শুধু পুরোপুরি সুস্থ হতে চাই।”
তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।








