রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সেমিনারে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি মানুষের হাতে একটি স্মার্টফোন পৌঁছে দেওয়া, যাতে ডিজিটাল বৈষম্য কমে আসে এবং সেবা গ্রহণ আরও সহজ হয়।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে মোবাইল রিচার্জে উচ্চ হারে কর আরোপের কারণে সাধারণ মানুষ অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছে। ১০০ টাকার রিচার্জে প্রায় ৩৮ টাকা কর কেটে নেওয়া হচ্ছে, যা কমানোর বিষয়ে সরকার কাজ করছে। টেলিকম খাতে কর ও ভ্যাট কমানো গেলে ব্যবহারকারীদের জন্য সেবাগুলো আরও সহজলভ্য হবে।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভ-জি নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সারাদেশে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
তবে গ্রাহক পর্যায়ে মোবাইল সেবার মান নিয়ে অসন্তোষের কথাও স্বীকার করেছেন উপদেষ্টা। তিনি বলেন, ব্যবহারকারীরা অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত মানের সেবা পাচ্ছেন না, যা উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, স্বল্পমূল্যে স্মার্টফোন সরবরাহ ও টেলিকম খাতে সংস্কার বাস্তবায়ন করা গেলে দেশের ডিজিটাল রূপান্তর আরও দ্রুত এগিয়ে যাবে।







