তিনি বলেন, “কিছু অসৎ লোক সব সময় সুযোগ নেয়। সেই লোক আমি হলেও আমাকে ছাড় দেবেন না। বরং জাতির স্বার্থে আরও বেশি করে ধরুন, এক্সপোজ করুন। যারা অসৎ, তারা কোনো দলের হতে পারে না—এরা শুধু সুযোগ নেয়।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, সংকটকালীন সময়ে কিছু অসাধু ব্যক্তি কৃত্রিম সংকট সৃষ্টি করে ফায়দা লুটে নেয়। এ ধরনের সুবিধাবাদীদের কোনো দলীয় পরিচয় নেই, তারা সুযোগসন্ধানী এবং বিপদে পড়লে প্রথমে পালিয়ে যায়।
তিনি সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সংসদের বক্তব্য শুধু কক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তাই প্রতিটি বক্তব্য হতে হবে তথ্যনির্ভর ও দায়িত্বশীল। “আজ এক কথা, কাল আরেক কথা বললে জনগণ আমাদের ওপর আস্থা হারাবে,” বলেন তিনি।








