Search
Close this search box.

রাকসু জিএস আম্মারকে ছাত্রদল সভাপতির হুঁশিয়ারি: পাল্টা জবাব দিলেন আম্মারও

অহনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চরম বাক্যযুদ্ধ ও উত্তেজনা তৈরি হয়েছে। আম্মারের সাম্প্রতিক কিছু ফেসবুক পোস্টকে ‘উসকানিমূলক’ ও ‘অশ্লীল’ আখ্যা দিয়ে তাঁকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ছাত্রদল সভাপতি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে সালাউদ্দিন আম্মারকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দেন রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদল সভাপতি রাকিব তাঁর পোস্টে সালাউদ্দিন আম্মারের সমালোচনা করে বেশ কিছু কঠোর মন্তব্য করেন:

রাকিব লেখেন, “সালাউদ্দিন আম্মারকে স্মরণ করিয়ে দিচ্ছি—ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জেলায় সীমাবদ্ধ নয়; আম্মারের জন্মস্থান যেখানে তাঁর পরিবার বসবাস করেন, সেখানেও যেমন ছাত্রদল আছে, তেমনি সারা দেশে লাখ লাখ নেতাকর্মী রয়েছে।”

 তিনি দাবি করেন, আম্মারদের আবির্ভাব ৫ই আগস্টের পর, অথচ ছাত্রদল সাড়ে ১৫ বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করে উত্তীর্ণ হয়েছে। সেই নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে আম্মার ‘অশ্রাব্য ভাষায় গালি’ ও ‘চরিত্র হনন’ করছেন বলে অভিযোগ তোলেন তিনি।

 রাকিব অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী আম্মারকে ‘বি-টিম’ হিসেবে ব্যবহার করে জিয়া পরিবারকে নিয়ে নোংরা স্ট্যাটাস দেওয়াচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি।”

ছাত্রদল সভাপতির এই পোস্টের পর সালাউদ্দিন আম্মার সেই স্ট্যাটাসটি শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন:

“উপরে আল্লাহ আর নিচে আমি। এর মাঝে আর বিন্দুপরিমাণ ভয় নাই রাকিব সাহেব। আল্লাহর জিনিস আল্লাহ সময় মতো নিয়ে যাবে।”

 রাকিবকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, “আপনারও বয়স হইছে, এই বয়সে এসে জালিমের খাতায় নাম না উঠুক। আল্লাহ সবাইরে ভালো চিন্তা করার তাওফিক দিক।”

সাম্প্রতিক সময়ে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ধরণ ও ছাত্রদলের কর্মকাণ্ড নিয়ে সালাউদ্দিন আম্মার বেশ কিছু সমালোচনামূলক পোস্ট দেন। ছাত্রদল নেতাদের দাবি, আম্মার ছাত্রদলকে গালি দিয়ে এবং বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ক্যাম্পাসে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। অন্যদিকে আম্মারের দাবি, তিনি কেবল সত্য ও ন্যায়ের কথা বলছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ