আমিরের ভাষ্যমতে, এই সম্পর্কে তিনি এমন এক প্রশান্তি অনুভব করছেন, যা আগে কখনো পাননি। তিনি বলেন, “গৌরী আমাকে শান্তি দিয়েছে। ওকে পাওয়ার পর আমি নিজেকে অনেকটা ‘সম্পূর্ণ’ মনে করছি।” অভিনেতা জানান, এই সম্পর্ক তাঁকে নতুন করে মানসিক শক্তি ও জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।
সাক্ষাৎকারে নিজের অতীতের দুই বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে আমির খান তাঁর উদারতার পরিচয় দেন।
প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও তাঁদের প্রতি শ্রদ্ধা হারাননি তিনি।আমির জানান, রীনা ও কিরণ উভয়ের সঙ্গেই তাঁর সম্পর্ক আজও অত্যন্ত সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ। বিচ্ছেদ মানেই যে আজীবন শত্রুতা নয়, আমির তা বাস্তব জীবনে প্রমাণ করে চলেছেন।
সাফল্যের চূড়ায় থাকলেও বাবা হিসেবে নিজেকে নিয়ে শতভাগ সন্তুষ্ট নন আমির খান। সন্তানদের সময় দিতে না পারার এক দীর্ঘ আক্ষেপ ঝরে পড়ল তাঁর কণ্ঠে।
আমির বলেন, “কাজের নেশায় আমি আমার দুই সন্তান জুনায়েদ ও ইরাকে যথেষ্ট সময় দিতে পারিনি। এক সময় এমনও হয়েছে যে, নিজের সন্তানদের চেয়ে পরিচালকদের সঙ্গে বেশি সময় কাটিয়েছি আমি।”
জীবনের এই পর্যায়ে এসে তিনি উপলব্ধি করছেন যে, ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে পরিবারের সঙ্গে কাটানো অমূল্য মুহূর্তগুলো তিনি হারিয়ে ফেলেছেন।







