Search
Close this search box.

ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতিতে নতুন নিয়ম: ১৫ বছরের অভিজ্ঞতায় বিশেষ ছাড়

অহনা

ব্যাংকিং খাতে পেশাদারিত্ব বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ নিশ্চিত করতে ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এই সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এক ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে উচ্চতর পদে যোগদানের ক্ষেত্রে ‘ব্যাংকিং প্রফেশনাল এক্সাম’ বা ব্যাংকিং ডিপ্লোমা থাকা এখন থেকে বাধ্যতামূলক।

২০২৬ সালের জানুয়ারি থেকে কোনো কর্মকর্তা যদি অন্য ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ পেতে চান, তবে তাকে অবশ্যই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

 আধুনিক ও জটিল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে কর্মকর্তাদের খাপ খাইয়ে নিতে এবং পেশাগত গতিশীলতা ফিরিয়ে আনতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

যারা দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতে কর্মরত আছেন, তাদের বাস্তব অভিজ্ঞতাকে মূল্যায়ন করে নতুন নির্দেশনায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

যেসব কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানের পর অথবা ওই পদে পদোন্নতি পাওয়ার পর সফলভাবে ১৫ বছর অতিক্রম করেছেন, তাদের জন্য ব্যাংকিং ডিপ্লোমার বাধ্যবাধকতা থাকবে না।

 দীর্ঘ দেড় দশক ধরে সিনিয়র পর্যায়ে কাজ করা কর্মকর্তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

খাত সংশ্লিষ্টরা কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, একদিকে ডিপ্লোমা বাধ্যতামূলক করার মাধ্যমে নতুন প্রজন্মের কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান বৃদ্ধি পাবে, অন্যদিকে প্রবীণ কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতাকে সম্মান জানানো হয়েছে। এতে ব্যাংকিং সেক্টরে দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ও দক্ষতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ