রোকেয়া বেগম বলেন, “জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে আমি আজ এই অবস্থানে এসেছি। আমি শুধু আমার সন্তানের মা নই, আমি ১৪০০ শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে সংসদে যেতে চাই।”
তিনি আরও বলেন, প্রায় ২০ হাজার আহত এবং আন্দোলনে অংশ নেওয়া মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি সংসদে ভূমিকা রাখবেন। এ সময় মনোনয়ন দেওয়ায় তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে ধন্যবাদ জানান এবং সবার দোয়া কামনা করেন।
রোকেয়া বেগমের ছেলে জাবির ইব্রাহিম গত বছরের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
এবারের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য শরিক দলের নেত্রীরা।
জোট সূত্রে জানা গেছে, আসন বণ্টন অনুযায়ী ১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন পেয়েছে, অন্যদিকে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।








